ছাত্রলীগের অভিযুক্ত কর্মী স্থায়ী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের কর্মী মো. মাসুমকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে অপর অভিযুক্ত বহিরাগত মো. আলীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

মাসুম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ সভাপতি মামুনুল হকের অনুসারী। অন্যদিকে বহিরাগত মো. আলী বিশ্ববিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণীর কর্মচারীর ছেলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ প্রথম আলোকে বলেন, এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় ঘটিত তদন্ত কমিটি মাসুম ও আলীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই মাসুমকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও আলীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ছাত্রী যৌন নিপীড়নের ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীকে স্থায়ী বহিষ্কারের সংবাদে মিষ্টি বিতরণ করেছে আন্দোলনকারী ছাত্রীরা। আন্দোলনকারী ছাত্রীরা বলেন, এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা বিদ্যাপীঠে আর ভবিষ্যতে এ রকম কিছু করার সাহস করবে না কেউ।

গত ২০ মে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে ছাত্রাবাসে ফেরার সময় সিএনজিচালিত অটোরিকশায় ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করে।