ছাত্রলীগের আট কর্মী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া আট কর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আরেকজনকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত।
হল দখল নিয়ে গত ২০ নভেম্বর শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে ওই সংঘর্ষ হয়। সংঘর্ষে ছাত্রলীগ কর্মী সুমন চন্দ্র দাস গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র।
পুলিশ সূত্র জানায়, সংঘর্ষের ঘটনার পর ওই দিন রাতেই পুলিশ নগরে অভিযান চালিয়ে ছাত্রলীগের ২৭ জন কর্মীকে আটক করে। পরে সংঘর্ষ থামাতে যাওয়া পুলিশের ওপর আক্রমণের ঘটনায় ২১ নভেম্বর জালালাবাদ থানায় দায়ের করা মামলায় নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে গত সোমবার সিলেট মহানগর হাকিম আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে গতকাল বুধবার আদালত আটজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আটজন হলেন জয়ন্ত দাস, উজ্জ্বল আহমেদ, নাইম আহমদ, বেলাল আহমদ, সজল দাস, আলিম মুরসালিন, মেহেদী হাসান ও ইমরান হোসাইন। আর সুলতান আহমদ নামের এক কর্মীকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়। এই নয়জন শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ সিলেটের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।