রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আট কর্মীকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।বহিষ্কৃতরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখার রাশেদ, ধ্রুব, মামুন ও মোহাম্মদ এবং একুশে হলের রাকিব, রকি, রাশেদ ও শরীফ। এ ছাড়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দীন রাসেল ও আন্তর্জাতিক সম্পাদক শহীদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’একুশে গ্রন্থমেলায় খাবারের দোকান বসানো নিয়ে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে কেন্দ্রীয় কমিটির এক নেতাসহ ছয়জন আহত হন।