ছাত্রলীগের আতশবাজিতে সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রলীগের ‘ফানুস ওড়ানো কর্মসূচি’তে পটকা ও আতশবাজির কারণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পণ্ড’ হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় শাখা সাংস্কৃতিক জোট সূত্র জানায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করে সাংস্কৃতিক জোট। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আগেই অনুমতি নেওয়া হয়। এর অংশ হিসেবে ২৫ মার্চ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেন জোটের নেতা-কর্মীরা। এরপর গতকাল শনিবার সকালে শোভাযাত্রা শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে শহীদ মিনারের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। উদীচী শিল্পীগোষ্ঠীর গীতি-আলেখ্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আবৃত্তি অনুষ্ঠান শেষে সমকাল নাট্যচক্রের নাটক হয়তো নয়তোর মঞ্চায়ন শুরু হয়। নাটক চলাকালে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা শহীদ মিনার চত্বরে হাজির হন। তাঁরা শহীদ মিনারের মুক্তমঞ্চের পাশেই ফানুস ওড়ানোর প্রস্তুতি নিতে থাকেন। একপর্যায়ে তাঁরা ফানুস ওড়ানোর পাশাপাশি আতশবাজি ও পটকা ফোটানো শুরু করেন।
সাংস্কৃতিক জোটের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, পটকা ও আতশবাজির কারণে মুক্তমঞ্চের সামনে নাটক দেখতে থাকা দর্শকেরা আতঙ্কে সেখান থেকে সরে যান। বিকট শব্দে নাটকও চালানো যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে তাঁরা নাটক বন্ধ করে দিতে বাধ্য হন। ওই নাটকের পর আরও দুটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল।
বিশ্ববিদ্যালয় শাখা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি কণিকা গোপ বলেন, ‘ছাত্রলীগ নাটকস্থলের পাশেই আতশবাজির প্রস্তুতি নিতে শুরু করলে আমরা তাদের সমন্বয় করে কর্মসূচি পালন করার আহ্বান জানাই। কিন্তু তারা হঠাৎ করেই আতশবাজি শুরু করে দেয়।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্র জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে গতকাল ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে সন্ধ্যা সাতটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতার ৪৬ বছর উপলক্ষে ৪৬টি ফানুস ওড়ানোর কর্মসূচি ছিল।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের কর্মসূচির জন্য আগে থেকেই বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। সাংস্কৃতিক জোট তাদের অনুষ্ঠান শেষ করে আমাদের কর্মসূচি পালনের জন্য বলেছিল। কিন্তু আমাদের কর্মসূচির জন্য সময় নির্ধারিত ছিল। তাই সাতটার আগে-পরে করা সম্ভব হয়নি। আমরা ১৫ মিনিটের জন্য কর্মসূচি করেই চলে এসেছি। এতে ওই অনুষ্ঠানে কোনো প্রভাব পড়েনি।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।