ছাত্রলীগের আন্দোলনের মুখে দুই দিন ক্লাস বন্ধ
পরীক্ষায় অংশ না নেওয়ার পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী শিবিরের কর্মী কারাবন্দী আতাউল্লাহ বুখারীকে নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনে তালা দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ কারণে গত দুই দিন বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি।
আন্দোলনরত ছাত্রলীগের কর্মীরা অভিযোগ করেন, ১৫ এপ্রিল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় রেললাইনে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আতাউল্লাহকে গ্রেপ্তার করে সদর দক্ষিণ থানার পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিনি রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ কোর্সের টিউটোরিয়াল ও উপস্থাপনা (প্রেজেন্টেশন) পর্বে অনুপস্থিত থাকলেও খসড়া নম্বর তালিকায় তাঁর নম্বর ওঠে। ১৪ মে ওই বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান ওই তালিকা নোটিশ বোর্ডে টাঙিয়ে দেন। বিষয়টি জানতে পেরে ১৬ মে তিনি ওই শিক্ষার্থীর নম্বর বাদ দিয়ে সংশোধিত খসড়া নম্বরের তালিকা প্রকাশ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টার ও চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীরা রোববার থেকে আন্দোলন শুরু করেন। গত মঙ্গলবার তাঁরা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা দেন। গতকাল বুধবার সকালে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা দিতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন।
ইংরেজি চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের একজন শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষা দিতে এসে দেখি একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলছে। সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা পাহারা বসিয়েছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক ও লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মাহমুদুর রহমান বলেন, ‘অভিযোগ ওঠা সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য আন্দোলন হচ্ছে। ইতিমধ্যে তদন্ত কমিটি আমাকে বক্তব্য দেওয়ার জন্য চিঠি দিয়েছে। ২৬ মে তদন্ত কমিটির কাছে বক্তব্য দেব।’
শিক্ষক মশিউর রহমান দাবি করেন, ‘ওই শিক্ষার্থী গ্রেপ্তারের আগেই টিউটোরিয়াল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে উপস্থাপনা পর্বে উপস্থিত ছিলেন না। যেহেতু উপস্থাপনা গ্রুপভিত্তিক (দলগতভাবে) হয়, সেহেতু কম্পিউটারে ভুলক্রমে সবার নম্বর যুক্ত হয়ে গেছে। বিষয়টি নজরে আসার পর ১৬ মে সংশোধনী দেওয়া হয়েছে।’
লোকপ্রশাসন বিভাগের প্রধান মাসুদা কামাল বলেন, ‘সংশ্লিষ্ট শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন। এরপর সংশোধনী দেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন জানান, এ ঘটনায় গতকাল গণিত বিভাগের অধ্যাপক এম জুলফিকার আলীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি দাবি করেন, শিক্ষার্থীরা একাডেমিক ভবনে তালা দিলেও বিকেলে কয়েকটি বিভাগে পরীক্ষা হয়েছে।