অধ্যক্ষের বদলির দাবিতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের অব্যাহত আন্দোলনে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। আন্দোলনের কারণে অধ্যক্ষ গত ২৩ মে থেকে কলেজে যেতে পারছেন না। এতে দেখা দিয়েছে প্রশাসনিক জটিলতা। ২০০৩ সালে গঠিত ছাত্রলীগ কলেজ শাখার আহ্বায়ক কমিটির এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থী, এমনকি জেলা ছাত্রলীগের সভাপতিও। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি শাহাবুল আলম বলেন, ছাত্রলীগ তাদের স্বার্থেই এই আন্দোলন করছে। যাঁরা নেতৃত্বে রয়েছেন, তাঁদের এখন ছাত্রত্বও নেই। তাঁদের কারণে কলেজে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, দুই বছর ধরে অধ্যক্ষের দায়িত্ব পালন করা এ কে এম ছালামত উল্লাহকে গত ১৫ মে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বদলি করে শিক্ষা মন্ত্রণালয়। বদলির আদেশে তাঁকে ২২ মে পাবনা এডওয়ার্ড কলেজে যোগ দিতে বলা হয়। কিন্তু একই তারিখে বদলির আদেশ স্থগিত করা হয়। ২৩ মে ছাত্রলীগ সরকারি আজিজুল হক কলেজ শাখার নেতারা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন ও তাঁর নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে বদলির আদেশ বাস্তবায়নের দাবি জানিয়ে সমাবেশ করেন। পরবর্তী সময়ে ছাত্রলীগ একই দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেন। কিন্তু এখনো সেই আন্দোলন চলছে। কলেজে প্রতিদিন এসব কর্মসূচি পালনের ফলে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতারা। তাঁরা জানিয়েছেন, অযৌক্তিক এই আন্দোলনের সঙ্গে তাঁরা নেই।আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান অভিযোগ করেন, কলেজে শত কোটি টাকা উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে, তখন অধ্যক্ষ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে না জানিয়ে কলেজের বুক চিরে সড়ক নির্মাণ করেছেন। এখানে এক লাখ টাকা খরচ হলেও দেখানো হয়েছে তিন লাখ টাকা। অধ্যক্ষের জন্যই কলেজের চারটি ছাত্রাবাস খুলে দেওয়া হচ্ছে না। স্মারকগ্রন্থ প্রকাশ নিয়ে লুটপাট করা হয়েছে। তাই তাঁরা অধ্যক্ষের বিদায় চান। এই আন্দোলনের জন্য শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে না বলে দাবি করেন তিনি।কলেজের বাংলা প্রথম বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ পারভেজ বলেন, এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। মিছিল-সমাবেশের কারণে ক্লাস করা যাচ্ছে না। অধ্যক্ষকে কলেজে আসতে না দেওয়ায় অনেক কাজ হচ্ছে না। ভূগোল বিভাগের শিক্ষার্থী রানা মিয়া বলেন, ছাত্রলীগ যেসব দাবি নিয়ে আন্দোলন করছে, তা অযৌক্তিক। যে রাস্তার কথা বলা হয়েছে, তা খুবই দরকার ছিল। সাধারণ ছাত্রদের স্বার্থ নিয়ে ছাত্রলীগ কোনো আন্দোলন করছে না।অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ২০১০ সালের ২৮ জানুয়ারি এখানে যোগদানের সময় কলেজ তহবিলে ছিল মাত্র ৬১ লাখ টাকা। এখন রয়েছে দুই কোটি ৫৩ লাখ টাকা। অথচ এই কলেজকে ঘিরে আগে অনেক লুটপাট হয়েছে। সেই লুটপাটের মামলায় অভিযুক্ত কয়েকজন ছাত্রলীগের নামে আন্দোলন করছে। কলেজে যা কিছু হয়েছে তা কলেজের স্টাফ কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েই হয়েছে। এসব কাজের ভাগ না পেয়ে এখন তারা আন্দোলন করছে। তিনি বলেন, আন্দোলনের ফলে দুই সপ্তাহের বেশি সময় ধরে তিনি কলেজে যেতে পারছেন না। এতে করে প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছে।বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী জুয়েল জানান, ২০০৩ সালে গঠিত এই আহ্বায়ক কমিটির একজন সদস্য তিনিও ছিলেন। যাঁরা এখনো রয়েছেন, তাঁরা তাঁরও সিনিয়র। চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। কোনো যৌক্তিক দাবি থাকলে দলের নেতাদের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরা যায়। এই আন্দোলনের সঙ্গে অন্য কোনো ছাত্রসংগঠন নেই। এতে কলেজের শিক্ষার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।