ছাত্রলীগের আবদার পূরণ না হওয়ায় হামলা, পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী পরীক্ষার হলে হামলা চালিয়ে পরীক্ষা বানচাল করার এবং ছাত্রছাত্রীদের মারধর ও শিক্ষকদের নাজেহালের অভিযোগ উঠেছে। দ্বাদশ শ্রেণীতে ভর্তি না হওয়া শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না দেওয়ায় তাঁরা ওই হামলা চালান বলে জানা যায়। গতকাল বুধবার বেলা দুইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ গতকাল এবং আজ বৃহস্পতিবারের নির্ধারিত নির্বাচনী পরীক্ষা স্থগিত করে। এ নিয়ে কলেজের সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ছাত্রছাত্রী ও কলেজ সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীতে ভর্তির বোর্ড কর্তৃক নির্ধারিত সময় শেষ হয় গত জুলাই মাসে। ভর্তির সময় শেষ হওয়ার আগে কলেজ ছাত্রলীগের নেতারা ৫৬ জন ছাত্রছাত্রীর একটি তালিকা জমা দেন টাকা ছাড়া দ্বাদশ শ্রেণীতে ভর্তির জন্য। সময় পার হওয়ার পরও তাঁরা তালিকায় থাকা শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীতে ভর্তির জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের টানাপোড়েন দেখা দেয়। এরই মধ্যে দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়। এবার ছাত্রলীগের কর্মীরা দাবি তোলেন, ওই সব ছাত্রছাত্রীকে ভর্তি ছাড়াই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার। কিন্তু কর্তৃপক্ষ ভর্তি ছাড়া কাউকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া সম্ভব নয় জানালে ছাত্রলীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গতকাল বেলা দুইটার দিকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় প্রায় ৮৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাঁচ-সাত মিনিটের মাথায় ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি মাকসুদুর রহমান ও সাধারণ সম্পাদক হাসান বিন-আজাদের নেতৃত্বে দলীয় কর্মী এবং ভর্তিবঞ্চিত ছাত্ররা অতর্কিতে পরীক্ষার হলে হামলা চালায়। এ সময় তারা বিভিন্ন কক্ষে পরীক্ষারত ছাত্রছাত্রীদের মারধর করে বের করে দেয় এবং পরীক্ষার কাগজপত্র ছিঁড়ে ফেলে। পরীক্ষা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ঘটনা দেখে তিনি নিজেও হতবাক হয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করার জন্য ছাত্রলীগ কর্মীদের নিবৃত্ত করতে গিয়ে তিনিসহ শিক্ষকেরাও এ সময় নাজেল হন। ছাত্রলীগের কর্মীরা এ সময় পরীক্ষার খাতা, প্রশ্নপত্র, শিক্ষার্থীদের স্বাক্ষরের সিট ছিঁড়ে ফেলে দেন এবং অনেক ছাত্রছাত্রীকেও মারধর করেন। তিনি আরও বলেন, এ সময় সাধারণ ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নিতে চাইলেও তাদের সুযোগ দেওয়া যায়নি। অধ্যক্ষ মুহম্মদ ছায়েফ উল্লাহ পরীক্ষার হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা ও নির্বাচনী পরীক্ষা বানচালের কথা নিশ্চিত করেন। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তিনি কলেজে ছিলেন না। বেলা তিনটার দিকে তিনি কলেজে পৌঁছে বুধবার ও বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করেন। পরীক্ষার হলে হামলা, ছাত্রছাত্রীদের মারধর ও শিক্ষকদের নাজেহাল করার অভিযোগ অস্বীকার করেন ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি মাকসুদুর রহমান।