চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উভয় পক্ষই হাটহাজারী মডেল থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। শনিবার রাতে উভয় পক্ষই প্রতিপক্ষের নেতা-কর্মীদের আসামি করে মামলা দুটি দায়ের করে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংঘর্ষের দিন ঘটনাস্থলে উপস্থিত সহকারী প্রক্টরদের একটি প্রতিবেদন দিতে বলেছে। গতকাল রোববার ক্যাম্পাস পরিস্থিতি শান্ত ছিল। যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)’ পক্ষের মো. মঈনুল ইসলাম প্রতিপক্ষ ‘সিক্সটি নাইন’ পক্ষের পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন মো. মেহেদী, আরমান হোসেন, নীরব, ইফতেখার হোসেন, রাকিব হোসেন। অপর দিকে ‘সিক্সটি নাইন’ পক্ষের নূর আলম ইমন ‘ভিএক্স’ পক্ষের তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে অপর মামলাটি দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করা আসাসিরা হলেন রুবেল দে, মেরাজ ও মনা। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লিয়াকত আলী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত সহকারী প্রক্টরদের একটি প্রতিবেদন জমা দিতে বলেছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বপ্রণোদিত হয়ে ওই দিনের ঘটনার সময় উপস্থিত সহকারী প্রক্টরদের একটি প্রতিবেদন জমা দিতে বলেছে। ঘটনার ভিডিও ক্লিপ, স্থিরচিত্র সর্বোপরি আমরা যা দেখেছি, তারই সাহায্যে যত দ্রুত সম্ভব অভিযুক্ত ব্যক্তিদের দায়ী করে একটি প্রতিবেদন জমা দেব।’ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক দুই সংগঠন ভিএক্স ও সিক্সটি নাইনের নেতা-কর্মীরা। পুলিশ শতাধিক ফাঁকা গুলি ও অর্ধশতাধিক কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টর ও পুলিশ কনস্টেবলসহ উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন।