ছাত্রলীগের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে ছাত্রীর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতাসহ ১০-১৫ জনের বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগকারী ছাত্রী চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। প্রক্টরের কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই ছাত্রী জানান, ২০ জুলাই চারুকলা-সংলগ্ন ছবির হাটে বন্ধুদের সঙ্গে ইফতার শেষে এক আত্মীয়র মোটরসাইকেলে তিনি যাচ্ছিলেন। টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক দিয়ে বের হওয়ার সময় ১০-১৫ জন যুবক তাঁকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও উত্ত্যক্ত করেন। এ সময় তাঁর আত্মীয় মোটরবাইক থামিয়ে যুবদকের কাছে উত্ত্যক্ত করার কারণ জানতে চান। তখন ওই যুবকেরা তাঁকে উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তাঁকেও মারধর করা হয়।ওই ছাত্রী জানান, এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদের কাছে সাহায্যের আবেদন জানালে তিনিও উত্ত্যক্তকারীদের পক্ষ নেন এবং ঘটনাস্থল থেকে যুবকদের পালিয়ে যেতে সাহায্য করেন।এ বিষয়ে মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, সোহরাওয়ার্দীতে বসে তাঁরা অবসর সময় কাটাচ্ছিলেন। এ সময় এক ছেলে তাঁকে গিয়ে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে এসে দেখেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের ৫০-৬০ জন ছাত্র এর সঙ্গে জড়িত এবং তাঁরা তাঁর অপরিচিত। তিনি তখন সেখান থেকে ফিরে আসেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, তিনি অভিযোগটি পেয়েছেন। যেহেতু ঘটনাস্থলে একমাত্র মামুনকেই চিহ্নিত করা গেছে, তাই মামুনসহ ভুক্তভোগীদের ডেকে বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।