ছাত্রলীগের এক পক্ষের অবরোধ প্রতিরোধ অন্য পক্ষের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজেদের ডাকা অবরোধের সমর্থনে ছাত্রলীগের একটি পক্ষ শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন আটকে দেওয়ার চেষ্টা করে। এ সময় প্রতিপক্ষের কর্মীরা তাদেরকে দুই দফায় ধাওয়া দিয়ে অবরোধ প্রতিরোধের চেষ্টা করে।

অবরোধের চেষ্টা প্রতিরোধ করায় শিক্ষার্থী বহনকারী শাটল ট্রেন যথারীতি শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে গেছে। শাটল ট্রেনকেন্দ্রিক ছাত্রলীগের এ দুটি পক্ষ হল ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) ও সিএফসি (চুজ ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডস)। ধাওয়া পাল্টা-ধাওয়ার জের ধরে সিএফসি পক্ষের ১৫ নেতা-কর্মীকে আসামি করে গত বুধবার একটি মামলা দায়ের করে ভিএক্স পক্ষ। এই মামলায় শুক্রবার ভোরে সিএফসি পক্ষের নেতা আলাউদ্দিনকে আটক করে জেলহাজতে পাঠায় হাটহাজারী থানার পুলিশ। এর পরেই আলাউদ্দিনের মুক্তির দাবিতে অবরোধের ডাক দেয় প্রতিপক্ষরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার ক্যাম্পাসমুখী শাটল ট্রেনটি নগরের ঝাউতালা স্টেশন থেকে ছেড়ে আসার আগে আটকে দেওয়ার চেষ্টা করে সিএফসি পক্ষের কর্মীরা। এ সময় ভিএক্স কর্মীদের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। পরে ওই ট্রেনটি পৌনে আটটার দিকে ষোলশহর স্টেশনে পৌঁছলে আবারও আটকে দেওয়ার চেষ্টা করে সিএফসির কর্মীরা। ওই সময় তাদের আবারও ধাওয়া দেয় প্রতিপক্ষরা। এর আগে অবরোধের পক্ষের অংশটি বিশ্ববিদ্যালয়ের দুটি পরিবহনের চালক থেকে চাবি ছিনিয়ে নেয়। তবে বিকল্প চাবি দিয়ে বিশ্ববিদ্যালয়মুখী গাড়ি শহর ছেড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনের পদক্ষেপের ফলে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি। তাদের কোনো দাবি থাকলে তা তারা আমাদের জানাতে পারে।’