দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে এক পক্ষের লোকজন আরেক পক্ষের লোকজনের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উপজেলা ছাত্রলীগের ছয়জন কর্মী আহত হন।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করার সময় কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।
বেলা একটার দিকে হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের বহিষ্কার ও শাস্তির দাবিতে ছাত্রলীগের একটি অংশ স্থানীয় বাসস্ট্যান্ড এলাকার বটতলী মোড়ে ফুলবাড়ী-দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বিষয়টির সুরাহা করবেন—উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহর এমন আশ্বাসের ভিত্তিতে পরে অবরোধ তুলে নেওয়া হয়।
জানা গেছে, আজ রোববার ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক কাউন্সিল হওয়ার কথা। এতে উপস্থিত থাকবেন ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে। এ উপলক্ষে কয়েক দিন ধরে ছাত্রলীগের ইউনিয়ন, ওয়ার্ড ও কলেজ শাখা কমিটি গঠনের কাজ চলছিল। ভূমি প্রতিমন্ত্রীর ভাগনে মহীউদ্দীন কাদের নিজে উপস্থিত থেকে এসব কমিটি গঠনের কাজ চালাচ্ছিলেন।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিঠুন চৌধুরী এবং যুবলীগের ২ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি কাজল দাস অভিযোগ করেন, মহীউদ্দীন তাঁর ইচ্ছামতো কমিটি গঠন করতে চান। কাউন্সিলের আগেই তিনি তাঁর পছন্দের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় মহীউদ্দীনের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল লাঠি, রড ও গাছের ডাল নিয়ে হামলা চালিয়ে তাঁদের মারধর করে।
এ ব্যাপারে মহীউদ্দীন কাদের বলেন, ‘কারও চাওয়া-পাওয়ার ওপর নেতৃত্ব নির্ভর করে না। মন্ত্রী মহোদয় (ভূমি প্রতিমন্ত্রী) যাঁকে মনোনীত করবেন, তিনিই নেতৃত্ব পাবেন। তবে আগামী দিনে দলের অবস্থান সুদৃঢ় হোক—এটা যাঁরা চান না, তাঁরাই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন।’
ফুলবাড়ী থানার ওসি রবিউল ইসলাম খান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।