ছাত্রলীগের এক পক্ষের ওপর অন্য পক্ষের হামলা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী এক পক্ষের হামলায় অন্য পক্ষের এক সমর্থক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের বিবিএ বিভাগে এ ঘটনা ঘটে। হামলায় আহত শিক্ষার্থীর নাম মো. কনক (২১)। তিনি বিবিএ প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনার পর প্রতিপক্ষ রাজিউর রহমান (২০) নামের একই বর্ষের এক ছাত্রকে একটি ধারালো দাসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ নামধারী আবদুল হামিদ ও সাইদুজ্জামানের সমর্থকদের মধ্যে দুই দিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছিল। যার জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে আবদুল হামিদের সমর্থকেরা একাডেমিক ভবনের বিবিএ বিভাগে সাইদুজ্জামানের সমর্থক মো. কনককে বেদম মারধর করে। এতে কনক গুরুতর আহত হন। পরে শিক্ষকেরা এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।এ ঘটনার খবর পেয়ে সাইদুজ্জামানের সমর্থকদের মাঝেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষ ক্যাম্পাসে ভাষাশহীদ আবদুস সালাম হলের দুই দিকে ধারালো অস্ত্রশস্ত্রসহ মুখোমুখি অবস্থান নেয়। এ সময় আবদুল হামিদের সমর্থকেরা সাইদুজ্জামানের সমর্থক রাজিউর রহমানকে একটি ধারালো দাসহ আটক করে। পরে সুধারাম থানার পুলিশ ক্যাম্পাসে গেলে তাঁকে পুলিশে হস্তান্তর করা হয়।জানতে চাইলে মারামারির ঘটনা এবং দাসহ একজন আটক হওয়ার কথা নিশ্চিত করেন প্রক্টর জাহাঙ্গীর সরকার। গতকাল সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, মারামারির খবর পেয়ে তাঁরা যাওয়ার পর ঘটনাস্থলে হামলাকারীদের কাউকে পাননি। তবে, আবদুল হামিদের পক্ষের ছাত্ররা সাইদুজ্জামানের সমর্থককে মারধর করেছে বলে উপস্থিত শিক্ষার্থীরা জানিয়েছেন। সাইদুজ্জামান প্রথম আলোকে জানান, আবদুল হামিদের সমর্থকেরা বিনা উসকানিতে তাঁর সমর্থককে মারধর করেছে। এ নিয়ে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ আসার পর তা শান্ত হয়ে যায়। তবে, একই বিষয়ে আবদুল হামিদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও মুঠোফোনে তাঁকে পাওয়া যায়নি।