ছাত্রলীগের এক পক্ষের কর্মসূচিতে হামলা, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ নেতা রেজাউল করিমের হত্যাকাণ্ড নিয়ে সংগঠনটির নেতা-কর্মীরা ধীরে ধীরে সহিংস হয়ে উঠছেন। এ হত্যা মামলা থেকে মহানগর ছাত্রলীগের সভাপতির নাম প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করে একটি অংশ। তাতে সশস্ত্র হামলা চালান প্রতিপক্ষের কর্মীরা।
সশস্ত্র এই হামলায় সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আল মামুন আহত হয়েছেন। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেজাউল হত্যা মামলা থেকে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের নাম প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরের জিলা স্কুল মোড়ে মহানগর ছাত্রলীগের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে সেখানে হামলা চালায় জেলা ছাত্রলীগ ও মহানগর যুবলীগের একটি অংশ।
ছাত্রলীগের নেতা আহত আল মামুন অভিযোগ করেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউলকে কুপিয়ে হত্যা করেছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব আহম্মেদ ও তাঁর সহযোগীরা। অথচ এ ঘটনায় রাজিব আহম্মেদকে বাদ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে মহানগর সভাপতি জসিম উদ্দিনকে আসামি করা হয়েছে।
রেজাউল হত্যা নিয়ে ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটি অংশ সাংসদ জেবুন্নেছা আফরোজের অনুসারী হিসেবে পরিচিত। এর নেতৃত্বে দিচ্ছেন মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিন। আর অন্য অংশ মহানগর যুবলীগ নেতা সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর অনুসারী। এর নেতৃত্বে রয়েছেন জেলা ছাত্রলীগ মো. আবদুর রাজ্জাক।