ছাত্রলীগের এক পক্ষের সমর্থককে অন্য পক্ষের মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের এক পক্ষের এক সমর্থককে অন্য পক্ষের সমর্থকেরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ১০টার দিকে শাহ আমানত হলের সামনে কাওসার আহমেদ নামের ওই সমর্থককে মারধর করা হয়।কাওসার বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-কোষাধ্যক্ষ মহসিন করিমের সমর্থক বলে জানা গেছে।মহসিন করিমের আরেক সমর্থক অমিত কুমার বসু অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি মামুনুল হকের সমর্থকেরা শাহ আমানত হলের সামনে কাওসারকে বেদম মারধর করেন।তবে মামুনুল হক এ অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ছাত্রলীগের সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ অনেক আগে থেকেই চারটি উপদলে বিভক্ত। গত ২৫ জুন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েকজনের নাম ঘোষণার পর এই বিরোধ চাঙা হয়। গত এক মাসে চার দফা মারামারিতে এ নিয়ে মোট নয়জন আহত হন।