ছাত্রলীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ছাত্রাবাসে গতকাল শুক্রবার বিকেলে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের তিনজন আহত হয়েছেন। হামলায় আহত ব্যক্তিরা হলেন, পদার্থবিদ্যা বিভাগের মেহরাব হোসেন, রাসেল আহমেদ ও সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের ফয়সাল সরকার। তাঁদের মধ্যে মেহরাবের অবস্থা গুরুতর। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মেহরাব ও রাসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফয়সালকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শহর ও ক্যাম্পাসের মধ্যে চলাচলকারী শাটল ট্রেনভিত্তিক ছাত্রলীগের দুইটি পক্ষ ‘ভার্সিটি এক্সপ্রেস’ (ভিএক্স) এবং চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) সদস্যদের মধ্যে গতকাল বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। দুই পক্ষ ক্যাম্পাসে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিএফসি সমর্থক দুই ছাত্র গতকাল বিকেলে এ এফ রহমান হলের মাঠে ক্রিকেট খেলতে যান। কিন্তু তাঁদের ভিএক্সের সমর্থকেরা মাঠ থেকে বের করে দেন এবং ছাত্রাবাসে আসার পথে মারধর করেন। পরে ভিএক্স সমর্থকেরা শাহ আমানত ছাত্রাবাসের সামনে রাসেলকে, ছাত্রাবাসের ৪৩৫ নম্বর কক্ষে মেহরাবকে এবং ১১৪ নম্বর কক্ষে ফয়সালকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের এক পক্ষ অন্য পক্ষের সমর্থকদের হামলা চালায় এবং মারধর করে।