ছাত্রলীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের দুই কর্মী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় ও নগরের মধ্যে চলাচলকারী শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘সিক্সটি নাইন’ ও ‘কনকর্ড’-এর মধ্যে এই হামলার ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার দুপুুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ঝুপড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবদুল মালেক ও অর্থনীতি বিভাগের সাজিদুর রহমান। তাঁদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁরা বগিভিত্তিক সংগঠন ‘কনকর্ড’-এর সমর্থক।কনকর্ড-সমর্থক নাজমুল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘সিক্সটি নাইন-সমর্থক এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মনসুর ও তপুর নেতৃত্বে সাত-আটজন ঝুপড়িতে আমাদের দুই কর্মীর ওপর অতর্কিতে হামলা চালায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রক্টর ও হাটহাজারী থানায় লিখিত অভিযোগ করেছি।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘হামলার সঙ্গে জড়িত ছাত্রদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সংগঠনের কর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’উল্লেখ্য, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনগুলো নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে।