চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার দুপুরে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার কারণে ক্যাম্পাস থেকে শহরগামী বেলা আড়াইটার শাটল ট্রেন প্রায় আধঘণ্টা দেরিতে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন ছাড়ে। হামলায় আহত ব্যক্তিরা হলেন, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাসেল চন্দ্র মজুমদার, গণিতের চতুর্থ বর্ষের ছাত্র তৌফিক হাসান, ইতিহাসের চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ আসিফ, পদার্থবিদ্যার চতুর্থ বর্ষের ছাত্র সদরুল ইসলাম ও প্রাচ্যভাষার ছাত্র সুকুমার বিশ্বাস। আহত ব্যক্তিদের মধ্যে প্রথম তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযোগ পাওয়া গেছে, গতকাল দুপুরে কলা অনুষদের ঝুপড়িতে আড্ডা দিচ্ছিলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থক বলে পরিচিত ছাত্রলীগের নেতা মহসিন করিমসহ কয়েকজন। এ সময় আ জ ম নাছিরের সমর্থক বলে পরিচিত ছয় থেকে সাতজনের একটি দল ধারাল অস্ত্র নিয়ে অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। মহিউদ্দিনের সমর্থক বলে পরিচিত ছাত্রলীগের কর্মী গোলাম মোস্তফা অভিযোগ করেন, ‘আ জ ম নাছিরের সমর্থক আরাফাত ও তানভীরের নেতৃত্বে ছয় থেকে সাতজন আমাদের পাঁচজনকে ছুরিকাঘাত করে। আসন্ন মেয়র নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ঘোলাটে করতে স্বার্থান্বেষী মহল এ ঘটনা ঘটিয়েছে।’তবে নাছিরের সমর্থক ছাত্রলীগের নেতা ও সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হামলার ঘটনায় আমাদের কেউ জড়িত ছিল না।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জসীম উদ্দিন প্রথম আলোকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।