ছাত্রলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন ওরফে বাঁধনকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের আরেকটি পক্ষ। তাঁকে উদ্ধার করতে এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুব হোসেনও আহত হন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলে এ ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও সাবেক সভাপতি ইব্রাহীম খলিল ১০-১৫ জন সদস্য নিয়ে আল-আমিনের (২০) ওপর হামলা চালান। এ ঘটনা শুনে প্রক্টর মাহবুব হোসেন ঘটনাস্থলে এলে তাঁরা তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। আল-আমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।আল-আমিন বলেন, ‘গতকাল বিকেলে অনার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম। এ সময় তরিকুল ইসলাম ও ইব্রাহীম খলিল লোকজন নিয়ে আমার ওপর হামলা চালান।’বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাকিবুল হাসান জানান, সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে। এর সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততা নেই। প্রক্টর মাহবুব হোসেন জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে আল-আমিনকে উদ্ধার করেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি ওই ঘটনায় আহত হননি বলে জানান।