ছাত্রলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের ৮ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে গতকাল সোমবার ভোররাতে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের আটজন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. আজগর আলীকে সংগঠন থেকে অনির্দিষ্টকালের জন্য এবং বিশ্ববিদ্যালয় থেকে তিন মাসের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।ভাসানী হল ছাত্রলীগের সহসভাপতি রাশেদ রেজা ওরফে ডিকেন জানান, রাত সাড়ে তিনটার দিকে আজগর আলীর নেতৃত্বে কামরুল হাসান ওরফে সুমন, জাকির, সোহান, সম্রাট, ফেরদৌস, রাজসহ ২৫-৩০ জন রামদা ও লোহার রড নিয়ে হলের বিভিন্ন কক্ষে হামলা চালান। এতে তিনিসহ তাঁর পক্ষের কর্মী মাহবুব মুন্না, উজ্জ্বল হোসেন, আরাফাত জামান, মোস্তফা সাদিক, আল আমিন, মাহমুদ ও সানজির গুরুতর আহত হন। তাঁদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয় এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁদের প্রায় সবারই হাত-পা ভেঙে গেছে। এ ছাড়া উজ্জ্বল মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।তবে হামলার অভিযোগ অস্বীকার করে আজগর আলী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। ঘটনার সময় আমার কক্ষের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আমাকে অবরুদ্ধ রাখা হয়েছিল।’বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম ওরফে শাফিন বলেন, ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগে কেন্দ্রীয় কমিটির নেতাদের নির্দেশে আজগর আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।একই সঙ্গে আজগর আলী, কামরুল হাসান ওরফে সুমন, জাকির, সম্রাটসহ অন্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেন বলেন, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া দ্রুত সভা ডেকে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় ডিসিপ্লিন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আসগর আলীকে বিশ্ববিদ্যালয় থেকে তিন মাসের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এ ছাড়া সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।সহ-উপাচার্য ফরহাদ হোসেন বলেন, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।