আধিপত্য্রবিস্তারকে কেন্দ্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একপক্ষ আরেক পক্ষের ওপর আবারও হামলা চালিয়েছে। হামলায় ছাত্রলীগের দুই সমর্থক আহত হয়েছেন। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে এ ঘটনা ঘটে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও মতিহার থানা সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আল-আমিন ও হারুন অর রশিদ পক্ষের সঙ্গে রেজাউল ইসলাম রেজা পক্ষের বিরোধ চলছিল। গত ২১ এপ্রিল রাতে আল-আমিন ও হারুন অর রশিদের সমর্থকেরা রেজা পক্ষের সমর্থকদের ওপর হামলা চালিয়ে চারজনকে আহত করেন। বিষয়টি মীমাংসা করতে গত বুধবার রাতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান উভয় পক্ষের সমর্থকদের মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আসতে বলেন। কিন্তু মেয়র কাজে ব্যস্ত থাকায় রেজা পক্ষের সমর্থকেরা ক্যাম্পাসে ফিরে আসেন। তাঁরা শহীদুল্লাহ হলের সামনে পৌঁছালে আল-আমিন ও হারুন অর রশিদ পক্ষের ১০-১৫ জন সমর্থক রেজা পক্ষের সমর্থকদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে রেজা পক্ষের শাহিন ও রুবেল গুরুতর আহত হন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।