ছাত্রলীগের একাংশের ভাঙচুর, ফটকে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে গতকাল মঙ্গলবার তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের একাংশ। তারা ভাষাশহীদ আবদুস সালাম হলের বেশ কয়েকটি কক্ষের জানালার কাচও ভাঙচুর করে।গত ২৪ মে ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবিতে ছাত্রলীগের একাংশের নেতা মঞ্জুরুল আলম ওরফে মহসিনের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা এসব ঘটনা ঘটান।উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্রলীগের দুটি পক্ষ ক্যাম্পাসে সক্রিয়। একাংশের নেতৃত্বে রয়েছেন মঞ্জুরুল। অপর অংশের নেতৃত্বে মাজেদ ও কাজল।ফটকে তালা ঝোলানোর কারণে গতকাল সকালে বিভিন্ন বিভাগের নির্ধারিত পরীক্ষা হয়নি। সুধারাম থানা পুলিশ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের পাঁচ সমর্থককে আটক করে ও ফটকের তালা খুলে দেয়। পরে দুপুরে পুলিশের উপস্থিতিতে সকালের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের একাংশের নেতা মঞ্জুরুলের নেতৃত্বে একদল শিক্ষার্থী একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এরপর তারা ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এতে সকালে বিভিন্ন বিভাগের নির্ধারিত পরীক্ষা হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ছাত্রলীগের কর্মীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে পুলিশ মৃদু লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় ও পাঁচজনকে আটক করে। এরপর ছাত্রলীগের এক পক্ষের কর্মীরা ভাষাশহীদ আবদুস সালাম হলের ১৪-১৫টি কক্ষের জানালার কাচ ভাঙচুর করে।ছাত্রলীগের নেতা মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, ২৪ মে ক্যাম্পাসে সংঘটিত ছাত্র সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে জমা ও প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ এ নিয়ে টালবাহানা শুরু করেছে। তাঁর অভিযোগ, তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে উপাচার্য পুলিশ লেলিয়ে দিয়েছেন। পুলিশের লাঠিপেটায় তাঁদের আট-দশজন কর্মী আহত হয়েছেন। এ ছাড়া তাঁদের কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে। এ সময় ছাত্ররা ক্ষুব্ধ হয়ে কিছু ভাঙচুর করে।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, ছাত্রদের মধ্যে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষ তাদের দাবি নিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং বিভিন্ন কক্ষে ভাঙচুর করে। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। তিনি জানান, মুচলেকা নিয়ে আটক পাঁচ ছাত্রকে রাতে ছেড়ে দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মমিনুল হক বলেন, ১৮ আগস্ট তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা। ২০ তারিখে শৃঙ্খলা কমিটির বৈঠক হবে। ওই বৈঠকের সিদ্ধান্তের আলোকে ২৩ তারিখে সিন্ডিকেটের বৈঠকে দোষীদের শাস্তির সিদ্ধান্ত নেওয়া হবে।