চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে ছাত্রলীগের একাংশের হাতে লাঞ্ছিত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক নাছির করিম চৌধুরী।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী নাছির করিমকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে দেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় গ্রন্থাগার মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবু ইউসুফের স্মরণে স্মারক বক্তৃতার আয়োজন করে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদ’। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। মহিউদ্দিন চৌধুরী মিলনায়তনে ঢোকার পরপরই নাছির করিম চৌধুরী এলে তাঁকে লাঞ্ছিত করেন ছাত্রলীগের একাংশের কর্মীরা। পরে উপস্থিত শিক্ষক ও ছাত্রলীগের অন্য কর্মীরা তাঁকে উদ্ধার করে নগরের উদ্দেশে পাঠিয়ে দেন।
নাছির করিম প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের বর্তমান নেতা-কর্মীদের সঙ্গে আমার কখনো খারাপ সম্পর্ক ছিল না, সবাইকে আমি ভালো করে চিনিও না। কিন্তু কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এসব করল, আমি জানি না। ছাত্রলীগের আদর্শধারী কোনো নেতা-কর্মী এ ধরনের কাজ করতে পারে না।’
নাছির করিম লাঞ্ছনাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের বর্তমান নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা মুখ খুলতে রাজি হননি। তবে শাখা ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এদিকে নাছির করিম চৌধুরীর গলায় জুতার মালা পরা অবস্থায় একটি ছবি ও সংবাদ বিজ্ঞপ্তি সাংবাদিকদের মেইলে পাঠিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র। এতে নাছির করিম বর্তমান ছাত্রলীগের নাম ভাঙিয়ে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন বলে দাবি করা হয়। এ জন্যই তাঁকে ভুক্তভোগীরা মারধর করেন বলেও দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাছির করিম বলেন, ‘ঘটনাটিকে আড়াল করার জন্য এসব ছড়ানো হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’