ছাত্রলীগের কথা না শোনায়...
এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার সরকার-নির্ধারিত সময় দুপুর দুইটা। কিন্তু দুপুর একটায় ছাত্রলীগের নেতা-কর্মীরা অধ্যক্ষের কাছে গিয়ে ফলাফল দেওয়ার দাবি জানান। এতে রাজি না হওয়ায় অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রেখে কয়েকটি কক্ষ ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সিলেট সরকারি কলেজে গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফলাফল সংগ্রহের জন্য গতকাল সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা কলেজে জড়ো হতে থাকে। দুপুর একটার দিকে সরকারি কলেজের ছাত্র সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী অধ্যক্ষের কার্যালয়ে যান। তাঁরা অধ্যক্ষ আশফাক আহমদের কাছে ফলাফলের তালিকা দেওয়ার দাবি জানান। কিন্তু নির্ধারিত সময়ের আগে ফলাফল দিতে অপারগতা প্রকাশ করেন অধ্যক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে তাঁকে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কলেজের বেঞ্চ ও জানালার কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরুদ্ধ অবস্থায় অধ্যক্ষ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সেরে ফলাফল ঘোষণা করার প্রস্তুতি নিলে তাঁর কক্ষের দরজা খুলে দেওয়া হয়।ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকার কথা স্বীকার করে অধ্যক্ষ আশফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন নির্দিষ্ট সময়ের আগে আমাকে ফল প্রকাশ করতে বলে। কিন্তু আমি তাঁদের কথা না শোনায় তাঁরা ভাঙচুর চালায়।’যোগাযোগ করলে ছাত্রলীগের নেতা সাইফুর রহমান বলেন, ‘অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে আগেই ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু আমাদের কলেজে দেরি করায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ছাত্রলীগ ওই বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে।’ তবে অধ্যক্ষের কক্ষে তালা ঝোলানো ও ভাঙচুর করার বিষয়টি তিনি অস্বীকার করেন।