ছাত্রলীগের কমিটি গঠনের পর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয় গত মঙ্গলবার বিকেলে। জেলা কমিটির গঠিত এই কমিটি কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কিন্তু বাতিল কমিটির নেতা-কর্মীরা কমিটিকে বৈধ দাবি করে গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীনগর উপজেলা সদরে আনন্দ মিছিল বের করে। পরে কমিটি বাতিলের প্রতিবাদে সভা করা হয়।ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ হোসেন একটি খুনের মামলায় প্রধান আসামি হওয়ায় গত মার্চ মাসে জেলা ছাত্রলীগ নবীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে। এরপর কমিটি ছাড়াই চলছিল ছাত্রলীগ। এ অবস্থায় মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে নবীনগরে উপজেলা ছাত্রলীগের আট সদস্যের নতুন কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। নবগঠিত কমিটিতে আবদুল্লাহ আল রোমানকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু উপজেলা ছাত্রলীগের একটি অংশ এ কমিটিকে মেনে না নেওয়ায় দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় ওই দিন রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে নবীনগর উপজেলার নতুন কমিটিকে বিলুপ্তি ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু গতকাল দুপুরে আনন্দ মিছিল বের করে উপজেলা ছাত্রলীগ। পরে উপজেলা সদরের কলেজ গেটের সামনে আবদুল্লাহ আল রোমানের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়।জেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন জানান, গঠনতন্ত্র অনুযায়ী নবীনগর উপজেলা কমিটি বাতিলের এখতিয়ার ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নেই। সুতরাং ওই কমিটিই বহাল থাকবে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রথম আলোকে জানান, ওই কমিটিতে সমন্বয়হীনতা থাকায় দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কেন্দ্রীয় কমিটি নবীনগর উপজেলা কমিটিকে বাতিল করে। আর গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি যেকোনো পরিস্থিতিতে যেকোনো কমিটি বাতিল করতে পারে।