ছাত্রলীগের কমিটি ঘোষণার পর কুমিল্লায় পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার। এর জের ধরে গতকাল রাত আটটার দিকে ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে শহরের কান্দিরপাড় এলাকা।এ সময় ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় কান্দিরপাড় এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এতে পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আ ফ ম আহসান উদ্দিনকে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ও জালাল উদ্দিন আহাম্মেদকে সাধারণ সম্পাদক করে গতকাল দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে। সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ ও হুইপ মো. মুুজিবুল হকের সমর্থক হিসেবে পরিচিত।এ কমিটি প্রত্যাখ্যান করে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী নেতা-কর্মীরা গতকাল রাত আটটার দিকে শহরের কান্দিরপাড় এলাকায় লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের কান্দিরপাড় নজরুল এভিনিউ এলাকায় গেলে কমিটি থেকে বাদ পড়া অংশের কর্মীরা হুইপ মুজিবের নাম নিয়ে গালাগাল করেন। ওই সময়ে হুইপ মুজিবের অনুসারীরা সংঘবদ্ধ হয়ে এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। তখন গুলি আর ককটেলের আওয়াজে কান্দিরপাড় এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। ওই সময়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ৩০ জন আহত হয়।পরে কান্দিরপাড় পুবালি চত্বর এলাকার পূর্ব পাশে সাংসদ বাহারের পক্ষ ও পশ্চিম পাশে হুইপ মুজিবের অনুসারীরা জুতা ও লাঠিসোঁটা নিয়ে উভয় নেতার বিরুদ্ধে স্লোগান দেন। তাঁদের কারও কারও কাছে অস্ত্র দেখা গেছে। এ সময় দোকানপাট বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা চারটি ইজি বাইক ভাঙচুর করেন।সাংসদ বাহাউদ্দিনের অনুসারী জহিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন কমিটি না হওয়ার পর নতুন এ কমিটি দেখে ক্ষুব্ধ কর্মীরা ওই মিছিল করেন। এটা একতরফা কমিটি। এতে হুইপ মুজিবের অনুসারীরা স্থান পেয়েছেন।হুইপ মুজিবের অনুসারী আনিসুর রহমান বলেন, ‘সাংসদ বাহারের অনুসারীরা আমাদের নেতা হুইপ মুজিবকে গালাগাল করায় তাদের ধাওয়া দেওয়া হয়েছে। যোগ্য ব্যক্তিরাই কমিটিতে স্থান পেয়েছে।’কুমিল্লার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ চৌধুরী বলেন, ছাত্রলীগের কমিটি নিয়ে এ হাঙ্গামা। পুলিশ গত রোববার রাত থেকেই কান্দিরপাড়ে অবস্থান নিয়েছিল।