ছাত্রলীগের কমিটি ঘোষণার পর বিক্ষোভ-ভাঙচুর
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্মেলনে গত সোমবার পছন্দের ভিত্তিতে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ ও ভাঙচুর করেন ক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছয় বছর পর কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্মেলন সোমবার কুড়িগ্রাম টাউন হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে প্রার্থী ছিলেন আবদুল মোত্তালেব, আতাউর রহমান, আইয়ুব আলী, রিপন আহাম্মেদ ও আতাউর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মামিনুল ইসলাম, নাজমুল হক, শাহরিয়ার কবির ও মামুন সেলিম। বিকেল সাড়ে পাঁচটায় সমঝোতার ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক হিসেবে মমিনুল ইসলাম মমিনের নাম ঘোষণা করেন। ওই দুজনের নাম ঘোষণার পর ক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের দাবিতে রাস্তার ওপর শুয়ে পড়ে। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। ক্ষুব্ধ কর্মীরা কলেজ মোড় এলাকায় দোকানপাটে হামলা চালান এবং শহীদ মিনার চত্বরে একটি মাইক্রোবাস ভাঙচুর করেন। আতাউর রহমান কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন দিলে আমি সভাপতি হতাম।’ ছাত্রলীগের কর্মী রঞ্জু ও আকবর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ কমিটি আমরা মানি না।’সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ জাফর আলী, সাংসদ আহমেদ নাজমীন সুলতানা নাজলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান খন্দকার। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম মণ্ডল জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা প্রার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠক শেষে নতুন কমিটি ঘোষণা করেন। পদবঞ্চিত কয়েকজন বিশৃঙ্খলার চেষ্টা চালান।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্ধ্যায় জানান, বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে।