চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিনকে মারধর করেছেন। এ ছাড়া স্থানীয় সাংসদসহ তিন নেতাকে হাজীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গত সোমবার রাতে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের হাজীগঞ্জ বাজারে ২০-২৫টি গাড়ি ভাঙচুর, গাছপালা ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। গতকাল রাত আটটা পর্যন্ত এ অবরোধ চলছিল। এ সময় নেতা-কর্মীরা গাজী টাওয়ার, তাজ টেলিকম, বন্ধু ফার্মেসিসহ কয়েকটি দোকানও ভাঙচুর করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষিত কমিটি গাজী মাঈনুদ্দিনের নির্বাচিত কমিটি দাবি করে বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাজারের বন্ধু ফার্মেসিতে বসে থাকা অবস্থায় তাঁকে মারধর করেন। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুব-উল-আলম তাঁকে রক্ষা করেন।পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ডিগ্রি কলেজ রোডের মাথায় সভা করেন। সভায় স্থানীয় সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, গাজী মাঈনুদ্দিন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরুকে হাজীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ ছাড়া তাঁরা হাজীগঞ্জ বাজারে পত্রিকার গাড়ি ভাঙচুর করে প্রভাতি নিউজ এজেন্সির বেশ কিছু পত্রিকা পুড়িয়ে দিয়েছেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা এক সংবাদ সম্মেলনে জানান, নতুন কমিটি প্রত্যাহার না করা পর্যন্ত তাঁদের অবরোধ কর্মসূচি চলবে। ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, বর্তমান কমিটি বিলুপ্ত না করে সোমবার রাতে জেলা ছাত্রলীগের সহসভাপতি আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান উপজেলা ও পৌর ছাত্রলীগের একটি কমিটি অনুমোদন করেন। ওই কমিটিতে পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এবায়েদুর রহমানকে উপজেলা কমিটির সভাপতি, হাজীগঞ্জ মডেল কলেজের শিক্ষক গাজী মোহনকে সাধারণ সম্পাদক এবং পৌর ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদে সরফুল তাজ ও সাধারণ সম্পাদক পদে সোহেল বেপারীর নাম অনুমোদন করা হয়। ওই কমিটি অনুমোদনের জন্য সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলামের সুপারিশ রয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, জেলা ছাত্রলীগ মোটা অঙ্কের অর্থ নিয়ে ছাত্রলীগের গঠনতন্ত্রবিরোধী একটি কমিটি হাজীগঞ্জ ছাত্রলীগের ওপর চাপিয়ে দিয়েছে। কথা বলতে ওবায়েদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে হাজীগঞ্জ বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।