কমিটি গঠন নিয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। দুই পক্ষই পৌর, সরকারি কলেজ ও সদর উপজেলা ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি গঠন করেছে। এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা বিরাজ করছে। কমিটি গঠন নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান এবং তাঁর সমর্থকদের মধ্যে গত ৩০ অক্টোবর বিরোধ শুরু হয়। ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার প্যাডে ৩০ অক্টোবর পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৮, ২৯ ও ৩০ অক্টোবর কুড়িগ্রাম টাউন হলে সদর উপজেলা, কুড়িগ্রাম পৌরসভা এবং কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী।সম্মেলনে কুড়িগ্রাম সরকারি কলেজ কমিটির সভাপতি হিসেবে তোসাদ্দুক হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার ওয়াহেদুন্নবী, পৌর কমিটির সভাপতি শাহরিয়ার কবীর ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং সদর উপজেলা কমিটির সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে কাজী আনিছুল বারীর নাম ঘোষণা করা হয়। নতুন এসব কমিটি প্রত্যাখ্যান করে মমিনুর রহমান ৩০ অক্টোবর রাতেই জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা আহ্বান করে। পরে জেলা ছাত্রলীগের ৪৫ জন সদস্যর উপস্থিতিতে সরকারি কলেজ কমিটি ঠিক রেখে পৌর ও সদর উপজেলা কমিটি গঠন করা হয়। তুহিন আলীকে পৌর কমিটির নতুন সভাপতি ও মিন্টু হোসেনকে সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা কমিটিতে রিপন আহমেদকে সভাপতি ও শেখ রাকিবুর জামান রাকিবকে সাধারণ সম্পাদক করা হয়। মো. মমিনুর রহমান অভিযোগ করেন, কমিটিগুলো গঠনতন্ত্র ও গণতান্ত্রিক পদ্ধতিতে করা হয়নি। জেলা ছাত্রলীগের সভাপতি আইয়ুব আলী বলেন, কাউন্সিলরদের ভোট এবং আওয়ামী লীগের নেতাদের মতামতের ভিত্তিতে কমিটি করা হয়েছে। সাধারণ সম্পাদক মমিনুর-সমর্থিত প্রার্থীরা হেরে যাওয়ায় তিনি তা মেনে নিতে পারছেন না। তবে মমিনুর এই অভিযোগ অস্বীকার করেছেন।