সম্মেলন শেষ হওয়ার পরও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়নি। এ নিয়ে কলেজ ক্যাম্পাসে থমথমে অবস্থা রয়েছে। সাধারণ ছাত্ররা জানিয়েছেন, নতুন কমিটিতে কয়েকজন পদপ্রার্থী গত বৃহস্পতিবার রাতে তাঁদের ছাত্রাবাস ছেড়ে যেতে বলেছে। গতকাল শুক্রবার ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে কলেজের তিনটি ছাত্রাবাস ছেড়ে যাচ্ছেন বেশকিছু শিক্ষার্থী।সংগঠন সূত্রে জানা গেছে, দীর্ঘ ১১ বছর পর কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন নিয়ে ১৭ এপ্রিল প্রস্তুতি শুরু হয়। নেতা-কর্মীদের মধ্যে কেউ মাদকাসক্ত কি না তা পরীক্ষার জন্য কমিটির পদপ্রার্থীদের রক্ত ও মূত্র সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয়। এরপর বৃহস্পতিবার এই রক্ত পরীক্ষার কোনো ফল ঘোষণা ছাড়াই কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সভাপতি ও সম্পাদক পদে ১০ জন প্রার্থীর মধ্যে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত হয়। কিন্তু ভোটগ্রহণ করা হয়নি। এতে ছাত্রলীগের নেতা-কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কয়েকজন নেতা-কর্মী রাতে কলেজের কামাল উদ্দিন, শহীদ শামসুজ্জোহা মুসলিম ও হিন্দু ছাত্রাবাসে গিয়ে সাধারণ ছাত্রদের গতকাল সকালের মধ্যেই ছাত্রাবাস ত্যাগ করতে বলেন।তিনটি ছাত্রাবাসের একাধিক ছাত্র জানান, বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের নেতাদের নির্দেশের পর ভোর থেকেই সাধারণ ছাত্ররা হল ছাড়তে শুরু করেন। ছাত্রদের ছাত্রাবাস ছাড়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাত্রাবাস তত্ত্বাবধায়ক মো. মুরাদ হোসেন বলেন, ‘কলেজের তিনটি ছাত্রাবাস পরিদর্শন করে ছাত্রদের ছাত্রাবাস ত্যাগ না করতে বলি। তার পরও কিছু ছাত্র ছাত্রাবাস ছেড়ে গেছেন।’