ছাত্রলীগের কমিটি নিয়ে বিক্ষোভ পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে গত রোববার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।গত শুক্রবার পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো. শফিকুর ইসলাম খানকে সভাপতি ও মো. আনিসুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের দুমকি উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। এ কমিটি ঘোষণার পর থেকেই আবদুল্লাহ-আল-মামুন, আশিকুর রহমান ও ইমরান প্যাদার নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের একটি পক্ষ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা পরিষদের সামনে জড়ো হন এবং নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। এদিকে নতুন কমিটির নেতারা তাঁদের সমর্থকদের নিয়ে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিল দুটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব গেট এলাকায় মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘এই কমিটি বাতিল করে ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানাতে মিছিল করায় আমাদের ওপর এই হামলা চালানো হয়।’ পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন, এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। সবার সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।