ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার দাবিতে গতকাল বুধবার সকালে পৌর ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। তাঁরা ফেনী-পরশুরাম সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। অন্যদিকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বর্তমান কমিটির সদস্যরা পরশুরাম উপজেলা সদরে জড়ো হয়ে পাল্টা মিছিল করেছেন। পরে কমিটি ভেঙে দেওয়ার পক্ষে ও কমিটি বহাল রাখার পক্ষের নেতা-কর্মীরা উপজেলা সদরে পাল্টাপাল্টি মহড়া ও শক্তি প্রদর্শন করেন। জানা যায়, মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার দাবিতে পরশুরাম পৌর ছাত্রলীগের আহ্বায়ক নিহাদ মজুমদারের নেতৃত্বে গতকাল সকালে কলেজ সড়কে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফেনী-পরশুরাম আঞ্চলিক মহসড়কের হাসপাতাল মোড়ে অবরোধ সৃষ্টি করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যানবাহন চলাচল শুরু করে। এদিকে উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি ভেঙে দেওয়ার দাবিতে মিছিল ও সড়ক অবরোধের সংবাদ শুনে ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন শরীফ ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হকসহ বতর্মান কমিটির পক্ষের নেতা-কর্মীরা উপজেলা সদরে জড়ো হয়ে পাল্টা মিছিল করেন। একপর্যায়ে ইয়াছিন শরীফ ও সফিকুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী পশু হাসপাতাল সড়কে শেখ রাসেল সঞ্চৃতি সংসদের সামনে পৌর ছাত্রলীগের আহ্বায়ক নিহাদ মজুমদার, পরশুরাম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঙ্গে মুখোমুখি হলে বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা শেখ রাসেল স্মৃতি সংসদে থাকা জাতীয় নেতাদের ছবি ও আসবাব ভাঙচুর করেন। পরশুরাম উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন শরীফ জানান, উপজেলা কমিটি ভেঙে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করা সম্পূর্ণ বেআইনি। তিনি জানান, কমিটি ভাঙার দাবিতে সড়ক অবরোধ না করে দলীয় বৈঠকে আলোচনা করা উচিত ছিল। পৌর ছাত্রলীগের আহ্বায়ক নিহাদ মজুমদার অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির বয়স সাত বছর। ভারপ্রাপ্ত সভাপতিকে দিয়ে টিলেঢালাভাবে কমিটির কার্যক্রম চলছে। তাঁরা কেন্দ্রীয় কোনো কর্মসূচিও ঠিকমতো পালন করেন না। তাই কমিটি ভেঙে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। নিহাদের অভিযোগ, বর্তমান উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই জেলা যুবলীগের সদস্য। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস জানান, ছাত্রলীগের একাংশ সকালে হাসপাতাল মোড়ে অবরোধ করে। তবে পুলিশ অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়। উভয় পক্ষ মহড়া প্রদর্শন করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।