ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। দাবি মানা না হলে জেলা ও শাখা কমিটির ৫৬ জন নেতা-কর্মী সংগঠন থেকে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা সংবাদ সন্মেলন করে এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সাত্তার লিখিত বক্তব্যে বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে ২০১১ সালের ১৬ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগ আল রাজী জুয়েলকে সভাপতি ও মাশরাফি হিরোকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে। কিন্তু সভাপতি ও সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি করতে দেড় বছর সময় নেন। এতে গঠনতন্ত্র অনুসারে ছাত্রলীগ নেতাদের অনেকের বয়স ২৯ বছর পেরিয়ে যাওয়ায় তাঁরা ত্যাগী নেতা হলেও সেই কমিটিতে স্থান পাননি। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই সভাপতি ও সম্পাদক স্বেচ্ছাচারিতা শুরু করেন।
গঠনতন্ত্র অমান্য করে চলতি বছরের ১৫ জানুয়ারি হঠাৎ করেই সরকারি আজিজুল হক কলেজ শাখা, সরকারি শাহ সুলতান কলেজ শাখা, বগুড়া শহর শাখাসহ চারটি গুরুত্বপূর্ণ শাখার কমিটি ভেঙে দেওয়া হয়। এসব কারণে তাঁরা জেলা কমিটি বাতিল ও জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবি জানান। তা না হলে তাঁরা ৫৬ জন নেতা সংগঠন থেকে পদত্যাগ করবেন বলে জানান।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি শিয়াবুল আলম, তানবীর হাবিব, মাসুদুর রহমান, শাহাদত হোসেন, মাহমুদ মুরাদ, যুগ্ম আহ্বায়ক তাজনুর রহমান, মোহায়মিনুল ইসলাম, শাহ কামান প্রমুখ।
সাধারণ সম্পাদক মাশরাফি হিরো বলেন, কমিটি বাতিলের ক্ষমতা রাখে কেন্দ্রীয় কমিটি। তা ছাড়া তাঁরা যেসব অভিযোগ করেছেন, তা ঠিক নয়।