ছাত্রলীগের কমিটিতে শিবির কর্মী!
রংপুরের বদরগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে অছাত্র, বিবাহিত, জামায়াত-শিবির ও বিএনপির সমর্থকেরা স্থান পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ ছাত্রলীগের কর্মী ও সমর্থকেরা গতকাল শনিবার বিকেলে স্থানীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছেন।
দলীয় সূত্র জানায়, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গত শুক্রবার ওই উপজেলা, পৌর ও কলেজ কমিটির অনুমোদন দেন। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে ইমরান আলী ও সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম নির্বাচিত হন। পৌর ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার রেজাউল করিম পদ পান। এদিকে বদরগঞ্জ কলেজ শাখায় মাহফুজার রহমান সভাপতি ও রায়হান মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
ছাত্রলীগের কর্মীদের অভিযোগ, নবগঠিত উপজেলা কমিটিতে সভাপতি পদে স্থান পাওয়া ইমরান আলী কখনো ছাত্রলীগের রাজনীতি করেননি। সহসভাপতি শাহিনুরের ছাত্রত্ব নেই, সহসভাপতি মাসুদও বিবাহিত। তাঁর বাবা বিএনপির রাজনীতি করেন। যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন বিবাহিত ও অছাত্র, জালাল প্রামাণিক বিবাহিত ও অছাত্র।
নেতারা আরও অভিযোগ করেন, পৌর সভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক খন্দকার রেজাউল করিম বিবাহিত। যুগ্ম সাধারণ সম্পাদক টারজেন কবির শিবির কর্মী। সাংগঠনিক সম্পাদক সোয়েব হাসান বিএনপির রাজনীতি করেন। বদরগঞ্জ কলেজ শাখার সভাপতি মাহফুজার রহমান, সহসভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও সৌরভ আহমেঞ্চদ কখনো ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, কমিটি বাতিলের দাবিতে গতকাল স্থানীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন ছাত্রলীগের কর্মীরা। এ সময় তাঁরা ওই কমিটিকে জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের ‘পকেট কমিটি’ বলে আখ্যায়িত করেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে ওই স্থানে এসে সমাবেশ করে।
উপজেলা ছাত্রলীগের কর্মী মারুফুজ্জামান বিক্ষোভ সমাবেশে বলেন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি ধনজিৎ ঘোষ ও সাধারণ সম্পাদক ফখরুল হাসান টাকার বিনিময়ে এসব কমিটি অনুমোদন দিয়েছেন। এতে উপজেলা ছাত্রলীগের কর্মী ও সমর্থকেরা হতাশ হয়ে পড়েছেন। সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রলীগের কর্মী প্লাবন, তৌহিদুল হক প্রমুখ।
বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে যাঁকে মনোনীত করা হয়েছে, তিনি গরু চুরির মামলার অন্যতম আসামি। বাকিদের অধিকাংশেরই ছাত্রত্ব নেই। অনেকে বিবাহিত। আবার কেউ জামায়াত-শিবিরের রাজনীতি করেন। কমিটি অনুমোদন দেওয়ার আগে জেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক তাঁদের কোনো মতামত নেননি।
জেলা ছাত্রলীগের সভাপতি ধনজিৎ ঘোষ মুঠোফোনে বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসরণ করে কমিটি দেওয়া হয়েছে। আসলে কমিটিতে স্থান না পাওয়ায় কেউ কেউ আবোল-তাবোল বকছেন। এটা ঠিক হয়ে যাবে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল হাসান বলেন, বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যানের সুপারিশেই ছাত্রলীগের ওই কমিটিগুলো গঠন করা হয়েছে। অছাত্র ও বিবাহিতরা কমিটিতে স্থান পাননি বলেও জানান তিনি।