ছাত্রলীগের কমিটিতে স্থান না পাওয়ায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ট্রাকটির মতই অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো
এই ট্রাকটির মতই অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান না পেয়ে আগের কমিটির নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেছেন। এ সময় তাঁরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ লাঠিপেটা করলে কমপক্ষে ১০ জন আহত হন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চন ও মুড়াপাড়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি উপজেলা কমিটি ভেঙে দিয়ে হাছিবুর রহমানকে সভাপতি ও হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে। আজ সকালে এ খবর ছড়িয়ে পড়েল বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিলুপ্ত কমিটির সভাপতি মাসুম চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল ও জয়দেবপুর-ভুলতা-মদনপুর সড়কের কাঞ্চন সেতু এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। এ সময় শীতলক্ষ্যা নদীতে চলাচলকারী মুড়াপাড়া ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এ সময় তাঁরা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও টায়ারে অগ্নিসংযোগ করেন। সড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিলুপ্ত কমিটির সভাপতি মাসুম চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘টাকার বিনিময়ে যেসব অগঠনতান্ত্রিক কর্মকাণ্ড’ হচ্ছে তা বন্ধ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন। তিনি অভিযোগ করেন, সাংসদ গোলাম দস্তগীর গাজী ও তাঁর লোকজনের নানা অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি প্রভাব খাটিয়ে কমিটি বাতিল করেছেন।

হাছিবুর রহমান ও হাফিজুর রহমান দাবি করেন, নানা অভিযোগের কারণে নতুন কমিটি গঠন করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মিয়া জানান, নেতা-কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন।