ছাত্রলীগের কমিটিতে হত্যা ও ডাকাতি মামলার আসামিরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে হত্যা ও ডাকাতি মামলার অভিযোগপত্রভুক্ত আসামিরা স্থান পেয়েছেন। এমনকি তাঁদের বিরুদ্ধে নিজ দলের কর্মী হত্যার মামলাও রয়েছে।বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত জুন মাসে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির সহসভাপতি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আরিফুর রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের এমবিএর ছাত্র খালিদ হাসান ওরফে নয়ন। তাঁরা দুজনই ছাত্রলীগের কর্মী নাসিরুল্লাহ নাসিম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। আরিফুরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক শরীফুল ইসলামের ছোট ভাই ব্যবসায়ী তৌফিকুল ইসলাম (৩৭) হত্যা মামলাও রয়েছে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তৌহিদ আল তুহিন ডাকাতি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।পুলিশ ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৫ আগস্ট ইফতার অনুষ্ঠানের টোকেন বিতরণ করা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মীরা সংগঠনের কর্মী নাসিরুল্লাহ নাসিমকে মারধর করে এসএম হলের দোতলা থেকে ফেলে দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের ছাত্র ও এসএম হলের ৩৫০ নম্বর কক্ষের আবাসিক ছাত্র আজম আলী নগরের মতিহার থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় গত বছরের ৮ জুলাই আদালতে অভিযোগপত্র দেন মতিহার থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম। অভিযুক্তের তালিকা অনুযায়ী ছাত্রলীগের সহসভাপতি খালিদ ৩ নম্বর ও আরিফুর ৫ নম্বর আসামি। ওই মামলায় বর্তমানে তাঁরা দুজনই উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।এ ব্যাপারে কথা বলতে খালিদ ও আরিফুরের মুঠোফোনে একাধিকবার কল করলেও তাঁরা ফোন ধরেননি।ব্যবসায়ী তৌফিকুল ইসলাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও নগরের রাজপাড়া থানার এসআই সেলিম বাদশা বলেন, আসামি আরিফুর রহমান গত মার্চ মাসে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।ছাত্রলীগের আরেক নেতা তৌহিদ আল তুহিনের বিরুদ্ধে গত ১৯ এপ্রিল নগরের বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (বর্তমানে পরিদর্শক-সিআইডি) হাফিজুর রহমান ডাকাতি মামলায় অভিযোগপত্র দিয়েছেন। তুহিনের বিরুদ্ধে গত বছরের ২১ আগস্ট নগরের পদ্মা আবাসিক এলাকার ২৩৩ নম্বর রোডের ৩ নম্বর বাড়িতে ডাকাতি করার অভিযোগ আছে। ওই ঘটনায় মামলার পর পুলিশ তুহিনসহ তিন যুবককে গ্রেপ্তার করে।তুহিনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও সমাজবিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল হাসান ওরফে সোহেল হত্যা মামলাও রয়েছে। গত ১৫ জুলাই রাতে ছাত্রলীগের দুই পক্ষের গুলিবিনিময় ও সংঘর্ষের সময় মাথায় গুলি লেগে মারা যান সোহেল। তৌহিদ আল তুহিন প্রথম আলোর কাছে দাবি করেন, সন্দেহজনক আসামি হিসেবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। অভিযোগপত্রও দিয়েছিল। পরে বাদী এফিডেভিট করে তাঁর নাম মামলা থেকে বাদ দিয়েছেন।অবশ্য ওই ডাকাতি মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডাকাতি মামলা আপসযোগ্য নয়। ফলে এফিডেভিটের কোনো দাম নেই।’হত্যা ও ডাকাতির মামলার আসামিদের ছাত্রলীগের পদ দেওয়ার ব্যাপারে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আহ্মদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তাঁরা ফোন ধরেননি।