ছাত্রলীগের কিছু কর্মকাণ্ড আওয়ামী লীগকে বিব্রত করে বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। গতকাল শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে প্যানেল আলোচক হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
নগরের সিআরবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের আঙ্গিনায় অনুষ্ঠিত এই সংলাপে প্যানেল আলোচক হিসেবে আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের প্রধান সাদাফ নূর-ইসলাম ও বেসরকারি সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের নির্বাহী আরিফুর রহমান। বাংলাদেশ ছাত্রলীগ কি নিজস্ব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে—একজন দর্শকের এমন প্রশ্নের জবাবে সাইফুজ্জামান চৌধুরী ও অন্যরা আলোচনায় অংশ নেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড-সম্পর্কিত প্রশ্নের উত্তরে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘ছাত্রলীগের কাজ আমাদের কিছুটা বিব্রত করে। তবে আমরা এই ঘটনাকে প্রশ্রয় দিইনি। ইতিমধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আরও যা যা করা প্রয়োজন, তা-ই করা হবে। অস্ত্রধারীদেরও খুঁজছে পুলিশ।’
ছাত্রলীগ সরকারের জন্য বোঝা হবে—এই মন্তব্য করে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘রাজশাহীর ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ছাত্রশিবিরকে বাইরে রাখলেও সেখানে কয়েক বছর ধরে সন্ত্রাস করছে ছাত্রলীগ। শিবিরের বাইরে তারাও বাম সংগঠনগুলোর ওপর হামলা করছে।’
ছাত্রলীগের অস্ত্রবাজির ঘটনার পর প্রধানমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যে সন্ত্রাসীরা আরও উৎসাহিত হয়েছে বলে সাবেক এই মন্ত্রী অভিযোগ করেন। এর প্রতিবাদ জানান সাইফুজ্জামান চৌধুরী। যে সরকার ক্ষমতায় আসে, তাদের ছাত্রসংগঠনের দৌরাত্ম্য বাড়ে উল্লেখ করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী আত্মরক্ষার কথা বলে দায় এড়িয়ে যাচ্ছেন—সেটা বলব না। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।’
সংলাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল নোমান বলেন, আলোচনা বা সংলাপ করা দরকার। নইলে দূরত্ব বাড়বে। স্থিতিশীলতা নষ্ট হবে।
বিএনপি এই সরকারকে অবৈধ বলে আখ্যায়িত করছে। তাহলে তাদের সঙ্গে আলোচনা কীভাবে হবে—এ রকম এক প্রশ্নের জবাবে নোমান বলেন, ‘এই সরকার ৫ শতাংশ ভোটের সরকার। আমরা বলছি, এই সরকার অবৈধ। কিন্তু সরকার আছে। সুতরাং, এ সরকারের সঙ্গে আলোচনা করা যায়। এরশাদের সঙ্গেও একইভাবে আলোচনা হয়েছিল।’
ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় সংলাপে আগ্রহী। তবে তাদের সেই আগের তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসতে হবে। বিএনপি আমাদের অধীনে সব নির্বাচনে অংশ নিতে পারে। সামনে উপজেলা নির্বাচনেও অংশ নেবে। কিন্তু জাতীয় নির্বাচনে কেন বাধা?’
আরিফুর রহমান বলেন, সরকার ও বিএনপিকে সংলাপের জন্য সমানভাবে এগিয়ে আসতে হবে। তাহলে স্থিতিশীলতা আসবে।
বাণিজ্যিক রাজধানী প্রসঙ্গে সাদাফ নূর-ইসলাম বলেন, এখন অনেক বহুজাতিক প্রতিষ্ঠান চলে গেছে। বাণিজ্যিক রাজধানী দূরে থাক, দ্বিতীয় বৃহত্তম নগরের মর্যাদাও পাচ্ছে না চট্টগ্রাম।
ওয়ালিউর রহমান মিরাজের প্রযোজনা ও আকবর হোসেনের উপস্থাপনায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।