বাগেরহাট-খুলনা সড়কে গতকাল রোববার ছাত্রলীগের কর্মী ও পরিবহন শ্রমিকদের মধ্যে হাতাহাতি হয়েছে। এর জের ধরে দুই পক্ষ সড়কের দুটি স্থানে অবরোধ সৃষ্টি করে। এতে সড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বাগেরহাট পৌরসভার মেয়র ও বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।জানা যায়, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার সিঅ্যান্ডবি বাজারে পৌঁছালে জেলা ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য টিটু কাজী ও দুই ছাত্রলীগের কর্মী জোর করে বাসটিতে উঠে পড়েন। এ নিয়ে বাস চালকের সহকারী মানিকের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। বাসটি উপজেলার বারাকপুর বাজারের কাছে পৌঁছালে বাসের চালকের সঙ্গেও ছাত্রলীগের কর্মীদের হাতাহাতি হয়। ছাত্রলীগের কর্মীরা সিঅ্যান্ডবি বাজারে ফিরে গিয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সড়কে কাঠের গুঁড়ি ফেলে গাড়ি চলাচল বন্ধ করে দেন। পরে বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান ও ভাইস চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন সিঅ্যান্ডবি বাজারে গিয়ে ঘটনার উপযুক্ত সমাধানের আশ্বাস দেন। দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।অন্যদিকে যাত্রীবাহী বাসটি বেলা ১১টার দিকে বাগেরহাট বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহন শ্রমিকেরা রাস্তায় বাস রেখে প্রতিবন্ধকতা তৈরি করেন। এ সময় তাঁরা তিন ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মিছিল করেন। বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান বাগেরহাট বাসস্ট্যান্ডে গিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বেলা একটার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।টিটু কাজী অভিযোগ করেন, বারাকপুরে পরিবহন শ্রমিকেরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন।রূপসা-বাগেরহাট আন্তজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বাকি তালুকদার বলেন, রোববারের (গতকাল) ঘটনার সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান বলেন, বাগেরহাটের বিভিন্ন সড়কে চলাচলকারী বাসের কর্মচারীদের বিরুদ্ধে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের বেশ কিছু অভিযোগ রয়েছে। বাসমালিক ও শ্রমিকেরাও শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন। বাসমালিক ও শ্রমিকনেতাদের নিয়ে বসে বিষয়টির সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হবে।