ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে থানার সামনে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। প্রথমে তাঁরা ওই কর্মীকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। বিক্ষোভের সময় থানার একজন কর্মকর্তাকে গালাগাল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পুলিশ জানায়, গতকাল দুপুরে সোহেল আহমদ ওরফে বাবু নামের ছাত্রলীগের এক কর্মীকে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুনুর রশিদ। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে। এরপর জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে থানা থেকে ছেড়ে দিতে পুলিশকে চাপ দেন। কিন্তু পুলিশ তাঁকে না ছেড়ে আদালতে পাঠায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেলকে আদালতে পাঠানোর পর ছাত্রলীগের নেতা-কর্মীরা থানার প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় ওই কর্মকর্তাকে গালাগাল করেন তাঁরা। পরে মামুনুর রশিদ গ্রেপ্তারকৃত ছাত্রলীগের কর্মীর কাছে টাকা দাবি করেছিলেন বলে সহকারী পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সহকারী পুলিশ সুপার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে নেতা-কর্মীরা থানার সামনে থেকে সরে যান। জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি সাংবাদিকদের বলেন, পুলিশ কর্মকর্তা মামুনুর রশিদ ছাত্রলীগের কর্মী সোহেলের কাছে টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় তাঁকে কোনো মামলা ছাড়াই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এ জন্য ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী জানান, সোহেলের বিরুদ্ধে চাঁদাবাজিসহ তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ছাত্রলীগের দাবি ঠিক নয়। সুনামগঞ্জ সদর সার্কেল জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন, ছাত্রলীগের অভিযোগটি খতিয়ে দেখা হবে।