কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গতকাল সোমবার ছাত্রলীগের এক কর্মীকে ছুরিকাঘাতে জখম করেছেন সংগঠনের প্রতিপক্ষের এক কর্মী।আহত রাসেল হোসাইন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএর শিক্ষার্থী মঈনউদ্দিন সফিকুর রহমান চিশতির অনুসারী ছিলেন।ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি রাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে ছাত্রলীগের একটি পক্ষের সব নেতা-কর্মীকে বঞ্চিত করা হয়। এরপর থেকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের গতকাল বেলা একটার দিকে ক্যাম্পাসের কাঁঠালতলায় ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের ছাত্রলীগের কর্মীরা। ওই সময় প্রতিপক্ষ নেতাদের অনুসারী হিসেবে পরিচিত রাসেলের সঙ্গে নতুন কমিটির নেতাদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাসেলের ঘাড়, বাম হাত ও ঊরুতে ছুরিকাঘাত করেন ব্যবস্থাপনা বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী তানভীর আহমেদ। ঘটনার পরপর রাসেলকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যায় প্রক্টরিয়াল বডির তিন সদস্য রাসেলকে দেখতে হাসপাতালে যান।রাসেলকে ছুরিকাঘাতের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আল আমিন। এ প্রসঙ্গে যুগ্ম আহ্বায়ক আল আমিন প্রথম আলোকে বলেন, ‘তুচ্ছ ব্যাপারে ওই ঘটনা ঘটে। ঘটনাটি মিটমাটের চেষ্টা চলছে।’ছুরিকাঘাতের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহম্মদ আহসান উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলে জ্যেষ্ঠতা-কনিষ্ঠতা নিয়ে রাসেলের সঙ্গে তানভীরের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটতে পারে। ঘটনা তদন্তে মঙ্গলবার (আজ) তদন্ত কমিটি গঠন করা হবে।’