ছাত্রলীগের কর্মীকে মারধর ধাওয়ায় আহত আট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের নেতা সুলতানুল আলমকে মারধর করেছে সংগঠনটির অপর একটি পক্ষ। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন সংগঠনটির কর্মীরা। ছাত্রলীগের ওই নেতাকে মারধরের খবরে রাতেই সংগঠনটির অপর অংশের নেতা-কর্মীরা গিয়ে হামলাকারীদের ধাওয়া দেন। এ ঘটনায় আটজন আহত হন।প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রের বিবরণ অনুযায়ী, স্বাধীনতা দিবসের দিন মঙ্গলবার সকালে শাহ পরান হলের সামনে ছাত্রলীগের রাশেদ, উত্তম, অঞ্জন, রণজিত ও সাঈদের পক্ষের নেতা-কর্মীরা একত্রে সমাবেশ করছিলেন। এ সময় শিবিরপন্থী সাংবাদিক আবু তাহের মো. সাত্তার ওরফে তাহের টোটন উসকানি দিলে ছাত্রলীগের বিদ্রোহী পক্ষের কয়েকজন কর্মী সমাবেশস্থলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় সংগঠনটির বিক্ষুব্ধ কর্মীরা তাহেরকে লাঞ্ছিত করেন। এ ঘটনার জের ধরে মলবার রাত সাড়ে ১১টার দিকে শিবিরপন্থী সাংবাদিকের পক্ষ নিয়ে ছাত্রলীগের শামছুজ্জামান চৌধুরী ও হাফিজুর রহমানের পক্ষের কর্মী সাজেদুল ইসলাম, দিদারুল, আলী হাসান, সুপ্রাজিত চৌধুরী, তাপস ও রুহুল আমিনের নেতৃত্বে ২০-২৫ জন কর্মী শাহ পরান ও বঙ্গবন্ধু হলের মধ্যবর্তী স্থানে সুলতানুলকে মারধর করেন। এ সময় কয়েকজন কর্মী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন। এদিকে সুলতানুলকে মারধরের খবরে রাত একটার দিকে ছাত্রলীগের রাশেদ, উত্তম, অঞ্জন, রণজিত, রাসেন্দ্র-বিজিত, সাঈদ, নওছর, চয়ন-উজ্জ্বল, আউয়াল-আজগরের পক্ষের নেতা-কর্মীরা এক হয়ে আবাসিক হল এলাকায় গিয়ে অপর পক্ষকে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে পালানোর সময় ওই পক্ষের হাসান, দিদারুলসহ আটজন আহত হন।