ছাত্রলীগের কর্মীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলায় ছাত্রলীগের এক কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার খোলাডাঙ্গা হ্যাচারিপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।
তাঁর নাম পিকুল মোড়ল (২৭)। তিনি সদর উপজেলার আবরপুর দক্ষিণপাড়া গ্রামের আবদুল জলিল মোড়লের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পিকুল বাড়িতেই ছিলেন।
এ সময় পরিচিত কয়েক যুবক জেলা ছাত্রলীগের সহসভাপতি সাঈদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু ডাকছে বলে তাঁকে ডেকে নিয়ে যায়। এর ঘণ্টা তিনেক পর পুলিশ খবর পেয়ে হ্যাচারিপাড়ায় গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, পিকুল তাঁদের সঙ্গে রাজনীতি করতেন। ছাত্রলীগ নেতা বাবু এই ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁকে ফাঁসানো হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দাঁতাল বাবুর নাম করে দুই-তিন যুবক পিকুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে।