চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীদের পিটুনিতে আহত ছাত্র আবিদুর রহমান আবিদ গতকাল শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার আবিদসহ চার ছাত্রকে ছাত্রাবাসে পেটানো হয় বলে জানা গেছে। আবিদ মেডিকেল কলেজের দন্ত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। গত বুধবার রাতে তাঁকে প্রথমে সার্জিস্কোপে ও পরে মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। গতকাল রাতে তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আবিদ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে মিশতেন। কিন্তু সম্প্রতি আবিদসহ কয়েকজন কলেজে ছাত্রদলের কমিটি গঠনের জন্য চেষ্টা করছিলেন। এ কারণে গত বুধবার রাতে তাঁকে ও আরও তিন ছাত্রকে ছাত্র সংসদের ভিপি এবং ছাত্রলীগ নেতা মফিজুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা পেটান। এতে গুরুতর আহত হন আবিদ ও মিনহাজ নামের দ্বিতীয় বর্ষের এক ছাত্র। হামলার শিকার হওয়া অপর দুজনের নাম জানা যায়নি। মিনহাজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘গত বুধবার আবিদকে পেটানো হয় বলে তাঁর অভিভাবকেরা আমাকে জানায়। এরপর তাঁকে সার্জিস্কোপে ভর্তি করা হয়। পরে আমি আমাদের হাসপাতালে নিয়ে আসি। ছাত্রাবাসের মধ্যে সংসদের ছেলেরা মেরেছে বলে শুনেছি। এখন পুলিশ আইনানুযায়ী ব্যবস্থা নেবে।’ প্রসঙ্গত, মেডিকেল কলেজের ছাত্র সংসদ ছাত্রলীগের নিয়ন্ত্রণে।এদিকে, আবিদের মৃত্যুকে কেন্দ্র করে গতকাল রাতে হাসপাতাল চত্বরের সামনে ছাত্রদের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ‘এ ঘটনায় ছাত্রদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের মেডিকেল পুলিশ রয়েছে। প্রয়োজনে আরও পুলিশ দেওয়া হবে।’ তিনি জানান, আবিদের মৃত্যুতে তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে। মেডিকেল কলেজ ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ও সহসভাপতি মাহফুজুর রহমান বলেন, আবিদ তাঁদের দলের সক্রিয় কর্মী ছিলেন। আবিদের নেতৃত্বে কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল। এটা ছাত্রলীগের নেতা-কর্মীরা মেনে নিতে পারেননি বলেই তাঁরা তাঁকে পিটিয়েছেন। এ প্রসঙ্গে বক্তব্য নিতে ছাত্র সংসদের ভিপি মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।