ছাত্রলীগের কর্মীদের পেটানোয় পুলিশের দুই কর্মকর্তা বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ছাত্রলীগের নেতা-কর্মীদের লাঠিপেটা করার অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। এর মধ্যে সদর থানার দ্বিতীয় কর্মকর্তা মিজানুর রহমানকে মেহেরপুর ও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাহাতাবুর রহমানকে বাগেরহাটে বদলি করা হয়েছে। এদিকে ছাত্রলীগ ওই হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে গতকাল রোববারও অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে। সকালে তারা বিক্ষোভ মিছিল শেষে নোমানী ময়দানের পাশে অবস্থান ধর্মঘট করে। পরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম। সমাবেশে যুবনেতা খুরশিদ হায়দার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান, কেন্দ্রীয় কমিটির সদস্য পার্থ সারথি বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, ছাত্রলীগের ওপর পরিকল্পিতভাবে মাগুরা পুলিশের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবিরের এজেন্টরা হামলা চালিয়ে বেধড়ক লাঠিপেটা করেছে। পুলিশ ছাত্রশিবিরের হাতে মার খায়। অথচ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পিটিয়ে আহত করে। মূলত পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবিরের সদস্যরা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে চায়।সমাবেশে বক্তারা হুমকি দিয়ে বলেন, দুই পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ছাড়া যারা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতন করেছে, তাদের প্রত্যেককে বদলি ও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ছাত্রলীগ রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। শনিবার দুপুরে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা পূর্বশত্রুতার জের ধরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে ওই এলাকায় গিয়ে ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশি হস্তক্ষেপ ও স্থানীয়ভাবে সমঝোতার পর ছাত্রদলের নেতা-কর্মীরা সেখান থেকে চলে যান। কিন্তু এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী ওই এলাকায় যান। এ সময় পুলিশ সম্ভাব্য সংঘাত এড়াতে তাঁদের বাধা দেয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন এবং তাঁদের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ ছাত্রলীগের নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এতে ছাত্রলীগের নেতা মীর সুমন, সাজ্জাদ কবির ও সাংবাদিক আবু বাসার আখন্দসহ পাঁচ-ছয়জন আহত হন। এ নিয়ে ওই দিন বিকেলেও পুলিশের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে গতকাল রোববার দুপুরে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) আবুল কালাম আজাদ মাগুরায় এসেছেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান দুই পুলিশ কর্মকর্তার বদলির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।