ছাত্রলীগের কর্মীদের হাতুড়িপেটায় যুবদল নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। নজরুলের অভিযোগ, বাউফল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁকে পিটিয়েছেন। নজরুল বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে গতকাল সোমবার নজরুল ইসলাম বলেন, গত শুক্রবার রাত সোয়া আটটার দিকে তিনি বাউফল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পৌরসভা রিকশাস্ট্যান্ডের কাছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ ছাত্রলীগের সাত-আটজন কর্মীকে নিয়ে হাতুড়ি দিয়ে তাঁকে পেটান। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। এরপর নজরুলকে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিয়াজ মোর্শেদ অবশ্য বলেন, ‘নজরুল ইসলাম আমাদের প্রতিবেশী এবং দূরসম্পর্কের আত্মীয়। তাঁদের সঙ্গে পারিবারিক একটা সমস্যা রয়েছে। তিনি মারধরের শিকার হয়েছেন বলে শুনেছি। তবে এ ঘটনায় আমার সম্পৃক্ততা নেই। কে বা কারা তাঁকে মারধর করেছে, তা-ও জানি না।’শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আনোয়ার হোসেন জানান, নজরুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।