ছাত্রলীগের কর্মীদের হাতে কলেজের শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইতিহাস বিভাগের একজন শিক্ষক গতকাল শনিবার কলেজে ছাত্রলীগের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর আজ রোববার কলেজের শিক্ষক পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক প্রত্যক্ষদর্শী আব্বাস আলী প্রথম আলোকে জানান, গতকাল বেলা দেড়টার দিকে তাঁরা বিভাগের শিক্ষকদের কক্ষে কাজ করছিলেন। এ সময় ছাত্রলীগের কর্মী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাসেলের নেতৃত্বে কয়েকজন আচমকা ওই কক্ষে ঢুকে পড়ে। তারা বিভাগের শিক্ষক সুজন মিয়াকে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অন্য শিক্ষকেরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে কক্ষের কয়েকটি চেয়ার, টেবিল ও টেবিলের কাচ ভেঙে যায়। শিক্ষক সুজন মিয়া বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই ওরা হঠাৎ কক্ষে ঢুকে আমাকে টানাহেঁচড়া শুরু করে। আব্বাস স্যার এগিয়ে এলে তাঁকেও ওরা ধাক্কা মারে। বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানানো হয়েছে।’অধ্যক্ষ এস এম ইবাদুল হক প্রথম আলোকে বলেন, শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বৈঠক করা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে রোববার সকাল ১০টায় কলেজের শিক্ষক লাউঞ্জে শিক্ষক পরিষদের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে।