ছাত্রলীগের কর্মীদের হামলা ছাত্রদলের ১৫ কর্মী আহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির আলোচনা সভায় যোগ দিতে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীদের হামলায় কমপক্ষে ১৫ জন ছাত্রদলের কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত কর্মীদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান হুমায়ুন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ভুলতায় স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান উপস্থিত থাকবেন। এ কারণে আলোচনা সভায় যোগ দিতে বাসে করে ছাত্রদলের কর্মীরা রওনা হলে পথে ছাত্রলীগের কর্মীরা বাসের গতিরোধ করে তাঁদের নামিয়ে এলো-পাতাড়ি পেটান। হামলায় কমপক্ষে ছাত্রদলের ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। আলোচনা সভা বানচালের উদ্দেশ্যে ছাত্র-লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাইদুর রহমান স্বপন বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের নেতা-কর্মীদের পেটালে আমি জানতাম।’ এ ধরনের ঘটনা কেউ ঘটিয়ে থাকলে তারা ছাত্রলীগের কেউ না বলে তিনি দাবি করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, যারা মারধর করেছে তারা ছাত্রলীগের কর্মী কি না, তা তাঁর জানা নেই।