ছাত্রলীগের কর্মীদের হামলায় বিএনপির সভা পণ্ড
নরসিংদীর পলাশে গতকাল বুধবার বিকেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থকদের হামলায় বিএনপির সভা পণ্ড হয়ে গেছে। এ সময় সভাস্থলে কয়েকটি গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন বিএনপির ১২ সমর্থক। পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় সভা আহ্বান করে উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। অপরদিকে যুদ্ধাপরাধীদের বিচার এবং পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী স্থানে সভা আহ্বান করে পলাশ উপজেলা ছাত্রলীগ। পাশাপাশি স্থানে সভা ডাকাকে কেন্দ্র করে বেলা একটার দিকে বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে বেলা তিনটার দিকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু সমর্থক বিএনপির সভাস্থলে হামলা চালিয়ে চেয়ার, টেবিল ভাঙচুর করে। বিকেল চারটার দিকে আবদুল মঈন খান একটি মিছিল নিয়ে সভাস্থলের দিকে এগোতে থাকলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের অবরোধ ভেঙে পার্শ্ববর্তী স্থানে সভা করতে যান। তাঁদের আবার বাধা দেন আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী। এ সময় কয়েকটি ফাঁকা গুলির আওয়াজ পাওয়া যায়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বিএনপির ১২ জন নেতা-কর্মী আহত হন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন দলের নেতা-কর্মীরা। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। আবদুল মঈন খান অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সমর্থকেরা আমাদের সভায় হামলা ও গুলিবর্ষণ করে। এতে আমাদের ১২ নেতা-কর্মী আহত হয়েছে।’ এ ব্যাপারে যোগাযোগ করলে উপজেলা ছাত্রলীগের সভাপতি কারীউল্লাহ ও সাধারণ সম্পাদক তানভীরুল হকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় আছি। ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে কিছু বলতে পারব না।’