ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের এক কর্মীর ওপর শিবিরের হামলার ঘটনায় গতকাল রোববার থানায় মামলা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে আপত্তিকর মন্তব্য এবং ছাত্রলীগের কর্মীর ওপর হামলার প্রতিবাদে গতকাল পরীক্ষা বর্জন করেছে ছাত্রলীগ। তবে কোনো কোনো বিভাগে পরীক্ষা হয়েছে।জানা গেছে, ছাত্রশিবিরের ডুয়েট শাখার নেতা মোহাম্মদ লোকমান ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গত শনিবার রাতে ছাত্রলীগের কর্মীরা তিন শিবিরকর্মীকে মারধর করেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতির হামলায় ছাত্রলীগের এক কর্মী আহত হন।উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য এম সবদার আলী গতকাল শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পুরো বিষয়টি তদন্ত করার জন্য পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান এ টি এম কাউসার জামিলকে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামন চৌধুরী এবং কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রধান মোহাম্মদ আবুল কাশেম।এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা জয়দেব দাস বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ইমরুল কায়েস ওরফে পরাগসহ ছয় শিবিরকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন মোহাম্মদ লোকমান, মফিজুল ইসলাম, আবুল বাশার, শাহেদ আলম ও মনসুর আলম। গত শনিবার রাতে পুলিশ পাঁচজনকে ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে। তবে মোহাম্মদ লোকমান এখনো পলাতক।জয়দেবপুর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সবদার আলী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।