ছাত্রলীগের কর্মীরা দুই ছাত্রকে মেরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে দাঁড়ানো নিয়ে দুই শিক্ষার্থীকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় রামপুরা রুটে চলাচলকারী ‘শ্রাবণ’ বাসে দাঁড়ানো নিয়ে এ ঘটনা ঘটে।আহত ছাত্ররা হচ্ছেন ব্যবস্থাপনা চতুর্থ বর্ষের মুন্না ও ভূগোল তৃতীয় বর্ষের আদনান। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।বাসের যাত্রী রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের এক ছাত্র প্রথম আলোকে বলেন, গত রোববার বিকেল পাঁচটায় রাশেদ নামের এক ছাত্র বাসের ফটকে দাঁড়ান। প্রচণ্ড ভিড় থাকায় আরও দুই ছাত্র বাসের ফটকে ঝুলছিলেন। ছাত্ররা তখন রাশেদকে ফটক থেকে ভেতরের দিকে যাওয়ার কথা বলেন। কিন্তু তিনি তা না শুনে গালাগাল করেন। এ সময় ছাত্ররা তাঁর পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাননি। ছাত্ররা কাকরাইল এলাকায় তাঁকে বাস থেকে নামিয়ে দেন।এ ঘটনার জের ধরে রাশেদ গতকাল বিকেলে শহিদুল্লাহ হলের ছাত্রলীগের কর্মীদের সঙ্গে নিয়ে বাসে তল্লাশি চালিয়ে মুন্না ও আদনানকে ধরে নিয়ে যান। এরপর তাঁরা রড ও লাঠি দিয়ে তাঁদের মারধর করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘ছাত্রী উত্ত্যক্ত করা নিয়ে ঘটনাটি ঘটেছে বলে আমার কাছে একটি মৌখিক অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সন্ত্রাসী কায়দায় মারধর করার জন্য দায়ী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’