ছাত্রলীগের কর্মীসহ তিন স্থানে তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহরণের পর ছাত্রলীগের এক কর্মীকে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁর লাশ উদ্ধার করা হয়। বরগুনার বামনা উপজেলায় এক বাকপ্রতিবন্ধী তরুণীকে গত মঙ্গলবার খুন করা হয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও সংবাদদাতার পাঠানো খবর:মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অপহরণের ৩৬ ঘণ্টা পর ছাত্রলীগের কর্মী ক্লিনটন মজুমদারের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের অরূপ মজুমদারের ছেলে। পুলিশ ও ক্লিনটনের পারিবারিক সূত্রে জানা গেছে, ক্লিনটনের সঙ্গে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হায়দার আলীর ছেলে মারজানের (১৯) কয়েক দিন আগে সংঘর্ষ হয়। গত মঙ্গলবার রাতে হোটেল নূর আলমের সামনে থেকে ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফজাল হোসেনের ছেলে মনির তাঁকে ডেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় বুধবার ক্লিনটনের বাবা অরূপ মজুমদার বাদী হয়ে মারজানসহ সাতজনকে আসামি করে অপহরণের মামলা করেন। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ উপজেলার দক্ষিণ বড়মাছুয়া খাল থেকে ক্লিনটনের লাশ উদ্ধার করে।মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক ফারুক হোসেন জানান, ক্লিনটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মনির হোসেন (২১) ও কাচিছিড়া গ্রামের মোতালের মিয়ার ছেলে মনিরকে (১৮) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ছাত্রলীগ গতকাল বিকেলে প্রতিবাদ সভা করে। বরগুনা: বামনা উপজেলায় বিউটি আক্তার (২৯) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বিউটি আক্তার উপজেলার লক্ষ্মীপুরা গ্রামের মৃত রশিদ সিকদারের মেয়ে। বামনা থানার পুলিশ বুধবার সকালে তাঁর বাড়ি থেকে ৫০০ গজ দূরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় স্কুলসংলগ্ন বাগানের সুপারিগাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ফরিদপুর: দুই দিন নিখোঁজ থাকার পর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মকরমপট্টি গ্রামের কায়সার আকন্দের ছেলে গিয়াস উদ্দীন আকন্দের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকেলে পুলিশ ওই গ্রামের একটি বাঁশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। গিয়াসের মাথাসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টায় গিয়াস উদ্দীন বাড়ির বাইরে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় কায়সার আকন্দ ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেছেন।